মমতার ফোনে মিটল অভিমান, তৃণমূলেই থাকছেন রাজগঞ্জের বিদায়ী বিধায়ক খগেশ্বর রায়
মমতার ফোনে মিটল অভিমান, তৃণমূলেই থাকছেন রাজগঞ্জের বিদায়ী বিধায়ক খগেশ্বর রায়
টিকিট না পাওয়া ঘিরে শুরু হওয়া ক্ষোভের অবসান ঘটল অবশেষে। সব জল্পনার ইতি টেনে তৃণমূল কংগ্রেসেই থাকার সিদ্ধান্ত জানালেন রাজগঞ্জের বিদায়ী বিধায়ক খগেশ্বর রায়। বৃহস্পতিবার বেলাকোবায় নিজের বাসভবনে জেলা নেতৃত্বের উপস্থিতিতে সাংবাদিক বৈঠক করে তিনি জানান, তিনি দল ছাড়ছেন না এবং তৃণমূলেই থাকছেন।
প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই কার্যত ক্ষোভ প্রকাশ করেছিলেন খগেশ্বর রায়। এমনকি জলপাইগুড়ি জেলা তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেওয়ার কথাও ঘোষণা করেছিলেন তিনি। তাঁর সমর্থনে রাজগঞ্জ ব্লকের একাধিক তৃণমূল নেতৃত্বও পদত্যাগের ইঙ্গিত দেয়। খগেশ্বর রায় জানিয়েছিলেন, বৃহস্পতিবার সকাল ১১টার মধ্যে দলের তরফে ইতিবাচক কোনও বার্তা না পেলে তিনি নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করবেন।
এই পরিস্থিতিতে বুধবার রাতে বিষয়টি নিয়ে উদ্যোগী হন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, তিনি ফোনে খগেশ্বর রায়ের সঙ্গে কথা বলেন এবং তাঁকে আশ্বস্ত করেন। এরপরই পরিস্থিতি স্বাভাবিক হয়।
উল্লেখ্য, গত মঙ্গলবার ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশের পর দেখা যায়, এবারে রাজগঞ্জ কেন্দ্র থেকে চারবারের বিধায়ক খগেশ্বর রায়কে টিকিট দেওয়া হয়নি। তাঁর পরিবর্তে ওই কেন্দ্রে প্রার্থী করা হয়েছে অর্জুন পুরস্কারপ্রাপ্ত অ্যাথলিট স্বপ্না বর্মনকে। এরপরই ক্ষোভ প্রকাশ করেন খগেশ্বর রায়। তবে শেষ পর্যন্ত দলনেত্রীর হস্তক্ষেপে আপাতত রাজগঞ্জের তৃণমূল শিবিরে স্বস্তির হাওয়া ফিরেছে।