West Bengal-এ যুবসাথী প্রকল্পে ঢল, দু’দিনেই ১৩ লক্ষ আবেদন
ডিজিটাল ডেস্ক: West Bengal জুড়ে যুবসাথী প্রকল্পে অভূতপূর্ব সাড়া। রাজ্যের প্রায় সব জেলাতেই শিবিরগুলিতে দেখা যাচ্ছে উপচে পড়া ভিড়। প্রথম দু’দিনেই ১৩ লক্ষের বেশি আবেদন জমা পড়েছে বলে প্রশাসনিক সূত্রের খবর।
রাজ্য সরকারের ঘোষণায় জানানো হয়েছে, যুবসাথী প্রকল্পের আওতায় প্রতি মাসে ১৫০০ টাকা করে বেকার ভাতা দেওয়া হবে। আগামী এপ্রিল মাস থেকে এই আর্থিক সহায়তা কার্যকর হওয়ার কথা। আবেদনকারীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ।
সরকারি সূত্রে জানা গিয়েছে, আবেদনপত্র জমা পড়ার পর একাধিক স্তরে যাচাই প্রক্রিয়া চালানো হবে। কোনও আবেদনকারীর প্রভিডেন্ট ফান্ড (PF) বা ইএসআই (ESI)-এর সুবিধা থাকলে তিনি এই প্রকল্পের আওতায় আসবেন না। তবে সরকারি স্কলারশিপ প্রাপকেরা যুবসাথীর ভাতা পেতে পারেন। অন্য কোনও সরকারি ভাতা গ্রহণ করলে এই প্রকল্পের সুবিধা মিলবে না।
প্রকল্পের বিজ্ঞপ্তি অনুযায়ী, পাঁচ বছরে সর্বাধিক ৯০ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাওয়া যাবে। এই সময়ের মধ্যে কর্মসংস্থান হলে তা সরকারকে জানানো বাধ্যতামূলক।
Nabanna সূত্রে খবর, আপাতত আবেদন প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন করাই প্রশাসনের প্রধান লক্ষ্য। অনুমোদন বা বাতিলের ক্ষেত্রে চূড়ান্ত শর্তাবলি এখনও আলোচনাধীন।