স্ত্রীর অত্যাচারে বাড়ি ছাড়লেন স্বামী ও বৃদ্ধা মা, চাঞ্চল্য রাজগঞ্জে
রাজগঞ্জ: স্বামীর অত্যাচারে ঘর ছাড়তে বাধ্য হচ্ছেন স্ত্রী এমন খবরই সাধারণত সামনে আসে। তবে এবার উল্টো ঘটনা সামনে এল জলপাইগুড়ি জেলার রাজগঞ্জে। অভিযোগ, স্ত্রীর অত্যাচারে বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন স্বামী ও তাঁর বৃদ্ধা মা। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে রাজগঞ্জ ব্লকের সুখানী গ্রাম পঞ্চায়েতের দুন্দি ভিটা গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুন্দি ভিটা গ্রামের বাসিন্দা সাইরুল হক তাঁর বৃদ্ধা মাকে নিয়ে বসবাস করতেন। ২০২৩ সালে তাঁর বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকেই স্ত্রী তাঁদের উপর মানসিক ও শারীরিক অত্যাচার শুরু করেন বলে অভিযোগ সাইরুলের।
এই ঘটনাকে কেন্দ্র করে একাধিকবার সালিসি সভাও বসে। স্থানীয় পঞ্চায়েতের উদ্যোগে সমস্যার সমাধানের চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত কোনও সমাধান হয়নি বলে জানা গিয়েছে।
সাইরুল হকের অভিযোগ, তাঁর স্ত্রী তাঁকে প্রাণনাশের হুমকিও দিয়েছেন। এমনকি বিষ খাইয়ে মারার পরিকল্পনাও করা হয়েছিল বলে দাবি তাঁর। প্রাণের ভয়ে বর্তমানে তিনি বাড়ি ছেড়ে রয়েছেন এবং রাজগঞ্জ থানায় স্ত্রীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অন্যদিকে, অভিযুক্ত স্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এই বিষয়ে সুখানী গ্রাম পঞ্চায়েতের প্রধান পরিমল রায় জানান, সাইরুল হকের অভিযোগের ভিত্তিতে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের তত্ত্বাবধানে একবার বৈঠক করা হয়েছিল। তবে বর্তমানে কী সমস্যা হয়েছে, সে বিষয়ে পরিবারের পক্ষ থেকে আর কোনও তথ্য পাওয়া যায়নি।
ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে রাজগঞ্জ থানার পুলিশ। ঘটনার সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।