জলপাইগুড়ি বালাপাড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, চারচাকার ধাক্কায় আহত একাধিক শিক্ষক-শিক্ষিকা


জলপাইগুড়ি: ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত হলেন একাধিক শিক্ষক-শিক্ষিকা। বৃহস্পতিবার সকালে জলপাইগুড়ি জেলার বালাপাড়া এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে।
জানা গিয়েছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গার্ড ডিউটি দিতে একটি ম্যাজিক ভ্যানে করে জলপাইগুড়ি থেকে ময়নাগুড়ির দিকে যাচ্ছিলেন শিক্ষক-শিক্ষিকারা। সেই সময় পিছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি চারচাকা গাড়ি আচমকা ম্যাজিক ভ্যানটিকে ধাক্কা মারে।
ধাক্কার জেরে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে ভ্যানে থাকা একাধিক শিক্ষক-শিক্ষিকা গুরুতরভাবে জখম হন। দুর্ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠান।
অভিযোগ, দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ম্যাজিক ভ্যানে ধাক্কা মারা গাড়িটিতে ভাঙচুর চালায়। ঘটনার জেরে কিছু সময়ের জন্য এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন