বেপরোয়া পিক-আপ ভ্যানের ধাক্কা! জলপাইগুড়িতে গুরুতর আহত প্রাক্তন পুলিশ আধিকারিকের ছেলে-বউমা


জলপাইগুড়ি: শহরের ব্যস্ত পোস্ট অফিস মোড়ে বেপরোয়া জলের গাড়ির ধাক্কায় গুরুতর জখম হলেন এক প্রাক্তন পুলিশ আধিকারিকের ছেলে ও পুত্রবধূ। সোমবার রাতের এই দুর্ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।



পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে দম্পতি বাইকে করে বাড়ি ফিরছিলেন। সেই সময় আচমকাই জলের ড্রাম বোঝাই একটি পিক-আপ ভ্যান নির্দিষ্ট রাস্তা ছেড়ে অন্য রাস্তায় ঢুকে পড়লে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে বাইকে। ধাক্কার জেরে বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর জখম হন দম্পতি। দুর্ঘটনার পর বাইকের সামনের চাকা পিক-আপ ভ্যানের নিচে আটকে যায়।




স্থানীয়রা দ্রুত আহত দুজনকে উদ্ধার করে গুরুতর অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। তাঁদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয়। পরে ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি আটক করে এবং চালককে হেফাজতে নেয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহরের অন্যতম ব্যস্ত মোড়ে, যেখানে প্রায়ই যান চলাচলের চাপ থাকে বলে স্থানীয়দের অভিযোগ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন