ফুলবাড়ীতে ট্রেনিং চলাকালীন সিভিক ভলান্টিয়ারের মৃত্যু | পুলিশ ক্যাম্পে বিক্ষোভ |


ফুলবাড়ী: ট্রেনিং চলাকালীন ফুলবাড়ীতে সিভিক ভলান্টিয়ারের মৃত্যু, পুলিশ ক্যাম্পে বিক্ষোভ
ফুলবাড়ীতে ট্রেনিং চলাকালীন এক সিভিক ভলান্টিয়ারের আকস্মিক মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল। মৃত সিভিক ভলান্টিয়ারের নাম পঙ্কজ বর্মন (৪০)। তিনি মাথাভাঙ্গা থানায় কর্মরত ছিলেন। ছ’দিনের বিশেষ ট্রেনিংয়ে অংশ নিতে তিনি ফুলবাড়ির ১২ নম্বর ব্যাটেলিয়ানে এসেছিলেন।
সূত্রের খবর, সোমবার রাতে আচমকাই অসুস্থ হয়ে পড়েন পঙ্কজ বর্মন। অভিযোগ, হৃদরোগে আক্রান্ত হওয়ার পর বিষয়টি ক্যাম্পে কর্তব্যরত সেন্ট্রিকে জানানো হলে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন। তবে সহকর্মীদের অভিযোগ, দ্রুত চিকিৎসার কোনও ব্যবস্থা করা হয়নি। যথাসময়ে হাসপাতালে না পৌঁছনোর ফলেই তাঁর মৃত্যু হয়েছে বলে দাবি।




এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েন ট্রেনিংয়ে অংশ নেওয়া অন্যান্য সিভিক ভলান্টিয়াররা। পুলিশ ক্যাম্পের ভিতরেই শুরু হয় বিক্ষোভ। পরিস্থিতি কিছু সময়ের জন্য উত্তপ্ত হয়ে ওঠে।
বিক্ষোভকারীদের দাবি, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। যদিও এই বিষয়ে প্রশাসনের তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন