রাজগঞ্জে ফের পথ দুর্ঘটনা, জাতীয় সড়কে বাইক আরোহীর মৃত্যু


রাজগঞ্জ: শনিবার রাতে ফের মর্মান্তিক পথ দুর্ঘটনার সাক্ষী থাকল রাজগঞ্জ। জাতীয় সড়কের পাঙ্গা বটতলা এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহী যুবকের। শিলিগুড়ির দিকে যাওয়ার সময় একটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত আনুমানিক ন’টা নাগাদ জাতীয় সড়কের উপর রক্তাক্ত অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখা যায়। পাশেই পড়ে ছিল তাঁর বাইক। মৃত যুবকের নাম প্রদ্যুৎ (২৬)। তাঁর বাড়ি সাপটিবাড়ি ২ এলাকায় বলে জানা গিয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। কোন গাড়ির ধাক্কায় এই দুর্ঘটনা ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন