রাজগঞ্জের দেবী চৌধুরানী ও ভবানী পাঠকের মন্দিরকে পর্যটন মানচিত্রে তুলে ধরার উদ্যোগ, শিকারপুরে পর্যটনমন্ত্রী শংকর ঘোষ

রাজগঞ্জের দেবী চৌধুরানী ও ভবানী পাঠকের মন্দিরকে পর্যটন মানচিত্রে তুলে ধরার উদ্যোগ, শিকারপুরে পর্যটনমন্ত্রী শংকর ঘোষ
রাজগঞ্জ: কোনও সরকারি কর্মসূচি নয়, বরং একজন পর্যটক ও ভ্রমণপিপাসু মানুষের দৃষ্টিভঙ্গি নিয়ে সোমবার আচমকাই রাজগঞ্জের শিকারপুরে হাজির হলেন রাজ্যের পর্যটনমন্ত্রী শংকর ঘোষ। এদিন তিনি পরিদর্শন করেন এলাকার ঐতিহ্যবাহী দেবী চৌধুরানী ও ভবানী পাঠকের মন্দির। মন্ত্রীর এই আকস্মিক সফরকে ঘিরে এলাকায় কৌতূহল ছড়ায়।
পরিদর্শন শেষে পর্যটনমন্ত্রী জানান, রাজ্যের বিভিন্ন প্রান্তে এমন বহু ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী স্থান রয়েছে, যেগুলি পর্যটনের সম্ভাবনা থাকা সত্ত্বেও সাধারণ মানুষের কাছে সেভাবে পরিচিত নয়। শিকারপুরের দেবী চৌধুরানী ও ভবানী পাঠকের মন্দিরও তেমনই একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী স্থান।

মন্ত্রী বলেন, “সরকারি দৃষ্টিভঙ্গি নিয়ে নয়, একজন ভ্রমণপিপাসু মানুষ ও পর্যটকের দৃষ্টিতে এই জায়গাগুলিকে দেখতে এসেছি।”

তিনি আরও জানান, রাজ্যের ধর্মীয় পর্যটনকে আরও প্রসারিত করতে ইতিমধ্যেই ১০৮টি রিলিজিয়াস সার্কিট চিহ্নিত করা হয়েছে। সেই পরিকল্পনার আওতায় জেলাভিত্তিক পর্যটন সার্কিট তৈরির সময় শিকারপুরের এই ঐতিহ্যবাহী স্থানগুলিকেও যুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।

পর্যটনমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গে এমন অনেক ঐতিহাসিক, ধর্মীয় ও সাংস্কৃতিক সম্পদ রয়েছে, যেগুলির কথা সাধারণ মানুষ এখনও জানেন না। সঠিকভাবে প্রচার ও পর্যটন মানচিত্রে তুলে ধরতে পারলে এই স্থানগুলি পর্যটকদের আকর্ষণের কেন্দ্র হয়ে উঠতে পারে।

শিকারপুরের দেবী চৌধুরানী ও ভবানী পাঠকের মন্দিরকে পর্যটন মানচিত্রে তুলে ধরার সম্ভাবনা নিয়ে মন্ত্রীর এই বক্তব্যে নতুন আশার আলো দেখছেন স্থানীয় বাসিন্দারা। পর্যটন কেন্দ্র হিসেবে এই এলাকার উন্নয়ন হলে শুধু ঐতিহ্যের প্রচারই নয়, স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানের ক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।