রাজগঞ্জ: মাত্র ৩০ মিনিটের শিলাবৃষ্টি ও ঝোড়ো হাওয়াতেই ব্যাপক ক্ষতির আশঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন রাজগঞ্জ ব্লকের কৃষকরা। সবেমাত্র শুরু হয়েছে ধান কাটার মরশুম। এরই মধ্যে আচমকা শিলাবৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় জমিতে লুটিয়ে পড়েছে পাকা ধান। কোথাও আবার জমিতে জমেছে বৃষ্টির জল। ফলে এবছর ধান ঘরে তোলা নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন কৃষকরা।
বুধবার রাজগঞ্জ ব্লকের বেলাকোবার শিকারপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় এই প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটে। এলাকার বহু কৃষকের জমিতে ইতিমধ্যেই ধান পেকে গিয়েছে। কেউ কেউ ধান কাটার কাজও শুরু করে দিয়েছিলেন। কিন্তু আচমকাই শিলাবৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় জমির পাকা ধান মাটিতে লুটিয়ে পড়ে। পাশাপাশি জমিতে জল জমে যাওয়ায় ক্ষতির আশঙ্কা আরও বেড়েছে।
স্থানীয় কৃষক অনিমেষ রায় জানান, তাঁর প্রায় ১০ বিঘা জমিতে ধান রয়েছে। শিলাবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার দাপটে জমির পাকা ধান মাটিতে পড়ে গিয়েছে। তার উপর জমিতে জল জমেছে। তিনি বলেন, "আবার যদি বৃষ্টি হয়, তাহলে পাকা ধান বাড়িতে তুলে নিয়ে যেতে পারব কি না, তা নিয়েই চিন্তায় রয়েছি।"
এ বিষয়ে রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই মণ্ডল জানান, বেলাকোবায় শিলাবৃষ্টির খবর তিনি শুনেছেন। তবে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও নির্দিষ্ট খবর তাঁর কাছে আসেনি। বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন বলে জানান তিনি।
প্রাকৃতিক দুর্যোগের জেরে শিকারপুর এলাকার কৃষকদের মাথায় হাত। ধান কাটার মরশুমের শুরুতেই এমন পরিস্থিতিতে ফসল ঘরে তোলা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।