শিলাবৃষ্টিতে বিপর্যস্ত রাজগঞ্জ, ক্ষতিগ্রস্ত ১৫০০-র বেশি পরিবার



পাকা ধান মাটিতে লুটিয়ে পড়ায় মাথায় হাত কৃষকদের, ফুটো টিনের চাল দিয়ে ঘরে ঢুকছে বৃষ্টির জল

রাজগঞ্জ: ভাইফোঁটার দিন বিকেল সাড়ে চারটে নাগাদ আচমকাই ঝড় ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ এলাকা। বিশেষ করে রাজগঞ্জ ব্লকের শিকারপুর ও মান্তাদাড়ি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। শিলাবৃষ্টিতে জমিতে থাকা পাকা ধান-সহ বিভিন্ন ফসলের ক্ষতি হওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে ১৫০০-রও বেশি পরিবার। বহু বাড়ির টিনের চাল ফুটো হয়ে যাওয়ায় বৃষ্টির জল ঢুকছে ঘরের ভিতরে।
স্থানীয় বাসিন্দা রতন রায় ও মিনতি রায় জানান, বুধবার আচমকাই শুরু হয় শিলাবৃষ্টি। তাতেই তাঁদের বাড়ির টিনের চাল ফুটো হয়ে যায়। শোয়ার ঘরে জল পড়ে ভিজে যায় বিছানাপত্র। শেষ পর্যন্ত অন্যের বাড়িতে রাত কাটাতে হয়েছে তাঁদের। সরকারি সহযোগিতা পেলে উপকৃত হবেন বলে জানান তাঁরা।
অন্যদিকে, ধানচাষি দুলাল অধিকারী ও মিন্টু রায় জানান, কয়েকশো বিঘা জমিতে পাকা ধান ছিল। শিলাবৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় সেই ধান মাটিতে লুটিয়ে পড়েছে। জমিতে জল জমে থাকায় ফসল ঘরে তোলা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাঁদের কথায়, ধানগাছ থাকলেও শিলাবৃষ্টিতে ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। কীভাবে এই ক্ষতি সামাল দেবেন, তা বুঝে উঠতে পারছেন না তাঁরা। ক্ষতিপূরণ ও সরকারি সাহায্যের আবেদন জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা।

এদিকে, ক্ষতিগ্রস্ত কৃষকদের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে মাঠে নামেন জলপাইগুড়ি জেলা কিষান মোর্চার সভাপতি নকুল দাস এবং রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি মনিকা রায়। তাঁদের সঙ্গে ছিলেন রাজগঞ্জ মাইনরিটি মোর্চার আনোয়ার হুসেন-সহ অন্যান্য দলীয় কর্মীরা। তাঁরা ক্ষতিগ্রস্ত কৃষিজমি ঘুরে দেখার পাশাপাশি কৃষকদের সঙ্গে কথা বলে ফসলের ক্ষয়ক্ষতি ও সমস্যার কথা শোনেন। দুর্দিনে কৃষকদের পাশে থাকার আশ্বাস দেন কিষান মোর্চার নেতৃত্ব।

জেলা কিষান মোর্চার সভাপতি নকুল দাস জানান, ক্ষতিগ্রস্ত এলাকাগুলি ঘুরে কৃষকদের পরিস্থিতি খতিয়ে দেখা হয়েছে। তাঁদের পাশে দাঁড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার চেষ্টা করা হবে।

রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি মনিকা রায় বলেন, শিকারপুর ও মান্তাদাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় শিলাবৃষ্টিতে বহু বাড়ির টিনের চাল ফুটো হয়ে গিয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পরিস্থিতি খতিয়ে দেখা হয়েছে। বিষয়টি প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে দ্রুত ত্রিপল তুলে দেওয়ার ব্যবস্থা করা হবে।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, ক্ষতিগ্রস্ত বাড়িগুলির পরিস্থিতি খতিয়ে দেখতে রাজগঞ্জ ব্লক প্রশাসনের আধিকারিকরা বিভিন্ন এলাকায় সমীক্ষা শুরু করেছেন। শিকারপুর ও মান্তাদাড়ি গ্রাম পঞ্চায়েত মিলিয়ে প্রাথমিকভাবে ১৫০০-রও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যাচ্ছে।

সব মিলিয়ে শিলাবৃষ্টির জেরে একদিকে যেমন ফসল হারানোর আশঙ্কায় দিন কাটাচ্ছেন কৃষকরা, অন্যদিকে মাথার উপর ক্ষতিগ্রস্ত ছাদ নিয়ে সমস্যায় পড়েছেন বহু পরিবার। এখন ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব এবং সরকারি সাহায্যের অপেক্ষায় দিন গুনছেন ক্ষতিগ্রস্তরা।