রাজগঞ্জ বিডিও অফিসে যাওয়ার পর নিখোঁজ গৃহবধূ, থানায় অভিযোগ দায়ের


রাজগঞ্জ: রাজগঞ্জ বিডিও অফিসে কাজের উদ্দেশ্যে যাওয়ার পর থেকে নিখোঁজ এক গৃহবধূ। নিখোঁজ গৃহবধূর নাম মালতী রায় (২২)। বাড়িতে রয়েছে তাঁর পাঁচ বছরের কন্যাসন্তান। ঘটনায় উদ্বিগ্ন পরিবারের সদস্যরা।

পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ২৯ অক্টোবর, বৃহস্পতিবার দুপুর আনুমানিক দেড়টা নাগাদ রাজগঞ্জ বিডিও অফিসে কাজের উদ্দেশ্যে গিয়েছিলেন মালতী। এরপর সেখান থেকেই তিনি নিখোঁজ হয়ে যান বলে পরিবারের দাবি। বিকেল গড়িয়ে রাত হলেও বাড়িতে না ফেরায় শুরু হয় খোঁজাখুঁজি। আত্মীয়স্বজন ও পরিচিতদের বাড়িতে খোঁজ করেও তাঁর কোনও সন্ধান মেলেনি।

অবশেষে নিখোঁজ গৃহবধূর স্বামী তনু কান্ত রায় রাজগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

মালতী রায় রাজগঞ্জ ব্লকের মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েতের হাতি মোড় সংলগ্ন বলাই গজ এলাকার বাসিন্দা।

নিখোঁজ হওয়ার সময় তাঁর পরনে ছিল আকাশি রঙের শাড়ি। গায়ের রং শ্যামবর্ণ। কেউ তাঁর সন্ধান পেলে পরিবারের সঙ্গে ৯০৬৪১৯৭০৬৫ নম্বরে যোগাযোগ করুন।