খুঁটিপুজোর মধ্য দিয়ে শুরু টাকিমারির ২৮তম রাসমেলা ও বাউল উৎসবের প্রস্তুতি

খুঁটিপুজোর মধ্য দিয়ে শুরু টাকিমারির ২৮তম রাসমেলা ও বাউল উৎসবের প্রস্তুতি
রাজগঞ্জ: খুঁটিপুজোর মধ্য দিয়ে শুরু হল গজলডোবার টাকিমারিতে ২৮তম রাসমেলা এবং উত্তরবঙ্গ লোকসংস্কৃতি ও বাউল উৎসবের প্রস্তুতি। রাজগঞ্জ ব্লকের মান্তাদাড়ি গ্রাম পঞ্চায়েতের টাকিমারিতে নব মিলন যুব সংঘ ও টাকিমারি বাজার কমিটির উদ্যোগে আয়োজিত হতে চলেছে এই উৎসব।

আয়োজক সূত্রে জানা গিয়েছে, আগামী ২৫ নভেম্বর রাস উৎসবের পর ২৬ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত চলবে মেলা ও বাউল উৎসব। সাত দিনের এই উৎসবে রাজ্যের বিভিন্ন জেলা থেকে বাউল শিল্পীরা অংশ নেবেন। লোকসংস্কৃতির প্রসার এবং বাংলার ঐতিহ্যবাহী বাউল সংগীতকে তুলে ধরাই এই উৎসবের অন্যতম আকর্ষণ।

বুধবারের খুঁটিপুজোয় উপস্থিত ছিলেন রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি নিতাই মণ্ডল, মান্তাদাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান চৈতন্য বারুই, মেলা কমিটির সম্পাদক মদন বর্মন, সুজিত দে-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

মেলা কমিটির সভাপতি দুলাল অধিকারী ও অনুকূল গায়েন জানান, এই মেলা শুধুমাত্র বিনোদনের কেন্দ্র নয়, বরং এলাকার হাজারো মানুষের মিলনক্ষেত্র। প্রতি বছরই মেলাকে ঘিরে মানুষের উৎসাহ ও উদ্দীপনা চোখে পড়ে। এ বছরও প্রতিদিন বিপুল সংখ্যক মানুষের সমাগম হবে বলে আশাবাদী উদ্যোক্তারা।

খুঁটিপুজোর মধ্য দিয়ে বুধবার থেকেই শুরু হল বহু প্রতীক্ষিত এই লোকসংস্কৃতির উৎসবকে ঘিরে চূড়ান্ত প্রস্তুতির সূচনা।