রাজগঞ্জে পার্সেল খুলে ডেলিভারি কর্মীকে হেনস্তার অভিযোগ, ভিডিও ভাইরাল হতেই সমালোচনার মুখে ব্যক্তি

রাজগঞ্জে পার্সেল খুলে ডেলিভারি কর্মীকে হেনস্তার অভিযোগ, ভিডিও ভাইরাল হতেই সমালোচনার মুখে ব্যক্তি
রাজগঞ্জ: ফ্লিপকার্টের পার্সেল খুলে শাড়ির বদলে দুটি ময়ূরের স্টিকার পাওয়ার দাবি করে ডেলিভারি কর্মীকে গালিগালাজ করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি রাজগঞ্জ ব্লকের মান্তাদারি অঞ্চলের ললিতাবাড়ি এলাকার। সঞ্জয় রায় নামে ওই ব্যক্তি নিজেই ঘটনার ভিডিও ফেসবুকে পোস্ট করেন। ভিডিওটি ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে সমালোচনার মুখে পড়েন তিনি।

ভিডিওতে পার্সেলের তথ্য অনুযায়ী, প্রায় ২৫০ টাকা মূল্যের দুটি ময়ূরের স্টিকার অর্ডার করা হয়েছিল বলে মনে হচ্ছে। ফলে অর্ডার নিয়ে ভুল বোঝাবুঝির প্রশ্নও উঠেছে। ভুল পণ্য পাওয়ার অভিযোগ থাকলে সংশ্লিষ্ট অ্যাপে অভিযোগ জানানো বা রিটার্নের সুযোগ রয়েছে। সেই পরিস্থিতিতে ডেলিভারি কর্মীকে প্রকাশ্যে হেনস্তা করার অভিযোগে সরব হয়েছেন নেটিজেনদের একাংশ।

এদিকে, ডেলিভারি কর্মীর তরফে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানানোর সম্ভাবনার কথা শোনা গেলেও অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত নয়। বিতর্কের মধ্যেই সঞ্জয়ের ফেসবুক প্রোফাইল থেকে ভিডিওটি সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।