রাজগঞ্জ: চার সপ্তাহ ধরে মিলছে না বেতন। তার উপর পুজোর বোনাসও দিতে পারবে না বলে জানিয়ে দিয়েছে বাগান কর্তৃপক্ষ। পুজোর মুখে বেতন ও বোনাস না পাওয়ায় চরম আর্থিক সংকটে পড়েছেন চা শ্রমিকরা। শনিবার এই ঘটনাকে কেন্দ্র করে শ্রমিক বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে রাজগঞ্জ ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের বানিয়াপাড়া এলাকার রজনী টি স্টেট চা বাগান।
শ্রমিকদের অভিযোগ, মহালয়ার সময় থেকেই বাগান কর্তৃপক্ষের তরফে আশ্বাস দেওয়া হচ্ছিল, খুব শীঘ্রই বকেয়া বেতন মিটিয়ে দেওয়া হবে। পাশাপাশি, পুজোর বোনাস দেওয়ার বিষয়েও আশ্বাস মিলেছিল। ১৪ অক্টোবর পর্যন্ত সময়সীমা দেওয়া হয়েছিল বলে দাবি শ্রমিকদের। কিন্তু শনিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ আচমকাই বাগান কর্তৃপক্ষ জানিয়ে দেয়, বেতন ও বোনাস দেওয়া সম্ভব নয়। এই খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা। বাগান চত্বরে বিক্ষোভে সামিল হন তাঁরা।
শ্রমিকদের দাবি, আগে এই চা বাগানের জমির পরিমাণ ছিল প্রায় ১০০ একর। এর মধ্যে প্রায় ৩০ শতাংশ জমি বিক্রি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ তাঁদের। বর্তমানে এই বাগানে মহিলা ও পুরুষ মিলিয়ে মোট ৭৫ জন শ্রমিক কর্মরত রয়েছেন।
শ্রমিকদের বক্তব্য, দুর্গাপুজোর মতো উৎসবের সময়েও চার সপ্তাহের বেতন ও বোনাস না পাওয়ায় সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে সন্তানদের নতুন জামাকাপড় কিনে দেওয়াও সম্ভব হচ্ছে না। পুজোর আগে বেতন ও বোনাস না মেলায় পরিবার নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে তাঁদের।
শ্রমিকরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পুজোর মধ্যে তাঁদের বকেয়া বেতন ও প্রাপ্য বোনাস মিটিয়ে না দেওয়া হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন তাঁরা।
এখন দেখার, শ্রমিকদের এই বিক্ষোভের পর বকেয়া বেতন ও পুজোর বোনাস মেটানোর বিষয়ে কী পদক্ষেপ করে বাগান কর্তৃপক্ষ।