রাজগঞ্জ: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদ এবং অবৈধভাবে চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার অন্তর্গত শিকরপুর চা বাগানের দীপু লাইনে। এই ঘটনায় মন্টু লোহার (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় বেলাকোবা আউটপোস্টের ওসি এসআই অরিজিৎ কুণ্ডুর নেতৃত্বে অন্যান্য পুলিশ আধিকারিক ও কর্মীরা গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালান। অভিযানে নিজের বাড়ি ও দোকানে থাকা মন্টু লোহারকে গ্রেফতার করা হয়।
তল্লাশি চালিয়ে তাঁর হেফাজত থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ বিভিন্ন ব্র্যান্ডের মদ এবং চোলাই মদ তৈরির উপকরণ। পুলিশ সূত্রে জানানো হয়েছে, উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে ১৯টি বিয়ারের ক্যান, কসমস ফিফটি হুইস্কির ২৬টি বোতল, ম্যাকডোয়েলস হুইস্কির ১০টি বোতল এবং ৭০ ইউপি মদের ৩৩টি বোতল। এছাড়াও উদ্ধার হয়েছে আরও ১৬টি বিয়ারের বোতল, ১৭.৮৯৬ কেজি বাখর এবং ১০০ কেজি গুড়।
উদ্ধার হওয়া সমস্ত সামগ্রী বাজেয়াপ্ত করেছে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ধারায় নির্দিষ্ট মামলা রুজুর প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গিয়েছে।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। উদ্ধার হওয়া সামগ্রী কোথা থেকে আনা হয়েছিল এবং অবৈধ মদ তৈরির সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হতে পারে।