নিজের একচালা টিনের বাড়িতে বসবাস করেও মানুষের সেবায় কোনও খামতি রাখেননি ডা. স্বপন রায়। দীর্ঘ ২৮ বছর ধরে দরিদ্র ও অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসা করে তিনি এলাকায় পরিচিত হয়ে উঠেছেন ‘গরিবের ডাক্তার’ নামে। আর্থিক অসামর্থ্যের কারণে যাতে কোনও মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সেই লক্ষ্যেই নিরলসভাবে কাজ করে চলেছেন তিনি।
সম্প্রতি তাঁর এই মানবিক উদ্যোগের স্বীকৃতিস্বরূপ তাঁকে সম্মাননা প্রদান করা হয়। ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের অধীনস্থ মাই ভারত, জলপাইগুড়ি জেলার পক্ষ থেকে জেলা যুব আধিকারিক শ্রী দীপক সনির হাত থেকে সম্মান গ্রহণ করেন ডা. স্বপন রায়।
সম্মাননা পেয়ে আপ্লুত চিকিৎসক ডা. স্বপন রায়। তিনি জানান, এই স্বীকৃতি তাঁর কাছে অত্যন্ত আনন্দ ও গর্বের। আগামী দিনেও মানুষের আশীর্বাদ ও ভালোবাসাকে সঙ্গী করে দরিদ্র মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চান তিনি।
আজকের দিনে যখন চিকিৎসার খরচ অনেক মানুষের কাছেই বড় চিন্তার বিষয়, তখন ডা. স্বপন রায়ের এই উদ্যোগ নিঃসন্দেহে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। সীমিত সামর্থ্যের মধ্যেও মানুষের পাশে দাঁড়ানোর এই অঙ্গীকার সমাজের কাছে এক বিশেষ বার্তা বহন করছে।
মানুষের জন্য কাজ করাই তাঁর ধর্ম। আর মানুষের ভালোবাসাই তাঁর জীবনের সবচেয়ে বড় সম্পদ।