শিক্ষামূলক ভ্রমণে পঞ্চম শ্রেণির পড়ুয়ারা, সাঁতার শেখানোর উদ্যোগ স্কুলের


 রাজগঞ্জ: বইয়ের পাতার বাইরে গিয়ে হাতে-কলমে শিক্ষা এবং সাঁতার শেখানোর উদ্দেশ্যে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল রাজগঞ্জের ২ নম্বর টাকিমারি চর প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির প্রায় ৪৫ জন ছাত্রছাত্রীকে নিয়ে যাওয়া হয় রাজগঞ্জ ব্লকের পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার একটি বেসরকারি সুইমিং পুলে। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের উদ্যোগে আয়োজিত এই ভ্রমণে পড়ুয়াদের বিভিন্ন ফুল ও ফল সম্পর্কে শিক্ষামূলক বার্তাও দেওয়া হয়।
বিদ্যালয়ের শিক্ষকরা জানান, প্রতি বছরের মতো এ বছরও পঞ্চম শ্রেণির পড়ুয়াদের জন্য এই শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করা হয়েছে। ভ্রমণের পাশাপাশি ছাত্রছাত্রীদের জন্য পুষ্টিকর খাবারেরও ব্যবস্থা করা হয়।
শিক্ষকদের কথায়, গজলডোবা ও তিস্তার চর সংলগ্ন এলাকায় বসবাসকারী পড়ুয়াদের ক্ষেত্রে বর্ষাকালে বন্যা ও জলজনিত বিপদের আশঙ্কা থাকে। সেই কথা মাথায় রেখেই ছোট থেকেই সাঁতার শেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে। যাতে কোনও জরুরি পরিস্থিতিতে তারা নিজেদের সুরক্ষার বিষয়ে সচেতন থাকতে পারে, সেই লক্ষ্যেই সুইমিং পুলে নিয়ে গিয়ে সাঁতার শেখানোর ব্যবস্থা করা হয়।

পাশাপাশি, বিভিন্ন ধরনের ফুল ও ফলের পরিচিতি এবং তাদের গুরুত্ব সম্পর্কেও পড়ুয়াদের ধারণা দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি এমন ব্যতিক্রমী শিক্ষামূলক ভ্রমণে অংশ নিতে পেরে খুশি ছাত্রছাত্রীরাও।

বিদ্যালয়ের এই উদ্যোগে পড়াশোনার পাশাপাশি পড়ুয়াদের বাস্তব অভিজ্ঞতা অর্জন, প্রকৃতি সম্পর্কে জ্ঞান বৃদ্ধি এবং জলজনিত বিপদ সম্পর্কে সচেতনতা তৈরির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।