আবু ধাবি: মাঝ আকাশে সহ-পাইলটের হামলায় জখম ভারতীয় পাইলট স্মিত মচ্ছরের সঙ্গে হাসপাতালে গিয়ে দেখা করলেন দুবাইয়ের যুবরাজ তথা সংযুক্ত আরব আমিরশাহির উপপ্রধানমন্ত্রী শেখ হামদান বিন মহম্মদ বিন রাশিদ আল মাকতুম। শনিবার আবু ধাবির হাসপাতালে গিয়ে স্মিতের সঙ্গে কথা বলেন তিনি। তাঁর সাহসিকতা ও দায়িত্ববোধের প্রশংসা করেন যুবরাজ।
দুবাই থেকে তেল আভিভগামী ফ্লাইদুবাইয়ের বিমানে যাত্রী ও বিমানকর্মী মিলিয়ে মোট ১৮২ জন ছিলেন। উড়ানের মাঝপথে সহ-পাইলটের হামলায় গুরুতর জখম হন স্মিত। রক্তাক্ত অবস্থাতেও কোনও রকমে ককপিটের দরজা খুলে দিতে সক্ষম হন তিনি। এর পরই বিমানের যাত্রীরা হামলাকারী সহ-পাইলটকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। পরে বিমানটি জরুরি অবতরণ করে।
বর্তমানে আবু ধাবির হাসপাতালে চিকিৎসাধীন স্মিতের শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে। এ দিন হাসপাতালে গিয়ে তাঁকে অভিবাদন জানান শেখ হামদান। পরে আলিঙ্গনও করেন তাঁকে। বেশ কিছুক্ষণ দু’জনের মধ্যে কথাবার্তা হয়।
স্মিতের সঙ্গে সাক্ষাতের পর সমাজমাধ্যমে তাঁর সাহসিকতার প্রশংসা করেন দুবাইয়ের যুবরাজ। মানুষের জীবন বাঁচাতে স্মিত যে সাহস, দায়িত্ববোধ এবং দৃঢ়তার পরিচয় দিয়েছেন, তার প্রশংসা করেন তিনি। সংযুক্ত আরব আমিরশাহির তরফে স্মিতকে কৃতজ্ঞতাও জানান শেখ হামদান।
এই ঘটনার পর স্মিতের সাহসিকতার প্রশংসা করেছেন একাধিক রাষ্ট্রনেতা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-সহ বিভিন্ন মহল থেকে তাঁর প্রশংসা করা হয়েছে। তাঁকে ‘সত্যিকারের নায়ক’ হিসেবেও অভিহিত করা হয়েছে।