৪৮ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের, বন্ধ বেতন ও সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

৪৮ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণ করতে হবে বিতর্কিত বিডিও প্রশান্ত বর্মনকে, নির্দেশ হাইকোর্টের
কলকাতা: বিতর্কিত বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের জন্য ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিল কলকাতা হাইকোর্ট। আগামী ৮ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টের মধ্যে পুলিশের কাছে হাজির হতে হবে তাঁকে। নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলে তাঁর বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে আদালত।

প্রশান্ত বর্মন একটি খুনের মামলায় অভিযুক্ত। অভিযোগ, বিডিও পদে বহাল থেকেও তিনি সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে চলেছেন। বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

আদালতের নির্দেশ, অবিলম্বে প্রশান্ত বর্মনের বেতন বন্ধ করতে হবে। পাশাপাশি তাঁর যাবতীয় সম্পত্তির তালিকা তৈরি করে তা বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করার নির্দেশও দিয়েছে আদালত।

শুনানিতে প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন, একজন খুনের মামলায় অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন আত্মগোপন করে থাকলে তাঁকে কীভাবে সরকারি পদে রেখে বেতন দেওয়া হচ্ছে। এমন ঘটনায় আদালত বিস্ময়ও প্রকাশ করে।

এদিন সুপ্রিম কোর্টের একটি রায়ের উল্লেখ করে প্রধান বিচারপতি জানান, কোনও অভিযুক্ত ব্যক্তি আদালতের নির্দেশ অমান্য করে ফেরার থাকলে তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করার মতো পদক্ষেপের নির্দেশ দিতে পারে আদালত। সেই সূত্রেই প্রশান্ত বর্মনের সম্পত্তি চিহ্নিত করে বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, মামলায় তদন্তের অগ্রগতি নিয়েও সিআইডিকে নির্দেশ দিয়েছে আদালত। আগামী ১৪ ডিসেম্বর পরবর্তী শুনানিতে তদন্তের অগ্রগতির রিপোর্ট আদালতে জমা দিতে হবে সিআইডিকে।

আদালতের এই নির্দেশের পর প্রশান্ত বর্মনকে ঘিরে মামলায় নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে।