ইয়াবা পাচারের চেষ্টা রুখে গ্রেপ্তার ৮, উদ্ধার ৩.২৭ কেজি মাদক



 শিলিগুড়ি: উত্তরবঙ্গে মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল শিলিগুড়ি জিআরপি ও স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। নিউ কোচবিহার এবং নিউ জলপাইগুড়ি স্টেশনে পরপর অভিযান চালিয়ে মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হয়েছে প্রায় ৩.২৭ কেজি ইয়াবা ট্যাবলেট। পৃথক একটি অভিযানে উদ্ধার হয়েছে ১.৬৫০ কেজি গাঁজার মতো মাদকদ্রব্য।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে গত ১০ সেপ্টেম্বর নিউ কোচবিহার স্টেশনে অভিযান চালায় এসটিএফ ও নিউ কোচবিহার জিআরপি-র যৌথ দল। সেখান থেকে দুই মহিলা-সহ চারজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে উদ্ধার হয় ১.০৩৭ কেজি ইয়াবা ট্যাবলেট।

পরের দিন, ১১ সেপ্টেম্বর নিউ জলপাইগুড়ি স্টেশনেও অভিযান চালায় নিউ জলপাইগুড়ি জিআরপি, শিলিগুড়ি এসওজি এবং এসটিএফের যৌথ দল। সেখানে চারজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে উদ্ধার হয়েছে ২.২৪০ কেজি ইয়াবা ট্যাবলেট। পুলিশ জানিয়েছে, মাদকগুলি গোপনে ডাউন ১৫৬৬০ মুম্বই এলটিটি এসি এক্সপ্রেসে করে পাচার করা হচ্ছিল।

এদিকে, গত ১০ সেপ্টেম্বরই নিউ জলপাইগুড়ি স্টেশনে আরও একটি অভিযান চালায় নিউ জলপাইগুড়ি জিআরপি ও শিলিগুড়ি এসওজি। ডাউন সরাইঘাট এক্সপ্রেস থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে উদ্ধার হয় ১.৬৫০ কেজি গাঁজার মতো মাদকদ্রব্য। পুলিশ সূত্রের দাবি, শরীরের সঙ্গে বেঁধে ওই মাদক পাচারের চেষ্টা করছিলেন অভিযুক্ত।

তিনটি ঘটনায়ই মামলা রুজু করে তদন্ত শুরু করেছে রেল পুলিশ। মাদক পাচারের পিছনে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মাদক পাচারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে শিলিগুড়ি জিআরপি।