হরমুজ নিয়ে ইরানের প্রস্তাব খারিজ ট্রাম্পের, পালটা হুঁশিয়ারি তেহরানের

হরমুজ নিয়ে ইরানের প্রস্তাব খারিজ ট্রাম্পের, পালটা হুঁশিয়ারি তেহরানের
অনলাইন ডেস্ক: ইরানের যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালী পুনরায় খোলার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ট্রাম্প স্পষ্ট জানিয়ে দেন, তেহরানের প্রস্তাব তাঁর কাছে গ্রহণযোগ্য নয়। এর পরেই রবিবার পালটা হুঁশিয়ারি দিয়েছে ইরান। তেহরানের দাবি, নতুন করে মার্কিন হামলা হলে তার জবাব দিতে ইরানি বাহিনী প্রস্তুত।

রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনকে কেন্দ্র করে ইরান জানিয়েছিল, আমেরিকা ও ইজরায়েলের সঙ্গে চলা সংঘাতের সমাধানের একমাত্র পথ কূটনীতি। কাতারের মধ্যস্থতায় ওয়াশিংটনের কাছে একটি প্রস্তাবও পাঠানো হয়। সেই প্রস্তাবে নির্দিষ্ট শর্ত পূরণ হলে এক সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল ফের শুরু করা এবং সংঘাত থামানোর কথা বলা হয়েছিল।

কিন্তু শনিবার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন ট্রাম্প। তিনি বলেন, ইরান হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিনিময়ে যে চুক্তির প্রস্তাব দিয়েছে, তা গ্রহণযোগ্য নয়।

এর পরেই ইরানের সামরিক বাহিনীর তরফে পালটা বার্তা দেওয়া হয়েছে। ইরানি সেনার দাবি, ফেব্রুয়ারিতে সংঘাত শুরুর সময়ের তুলনায় বর্তমানে তাদের বাহিনী আরও প্রস্তুত। নতুন সামরিক প্রযুক্তি ও সরঞ্জাম যুক্ত হয়েছে এবং প্রশিক্ষণের মাধ্যমে সেনাদের সক্ষমতাও বাড়ানো হয়েছে বলে দাবি তেহরানের।

ইরানের সামরিক মুখপাত্রের বক্তব্য, আমেরিকা ফের হামলা চালালে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। সংঘাত ছড়িয়ে পড়লে উপসাগরীয় অঞ্চলে অস্থিরতা ও হিংসা বাড়ার আশঙ্কার কথাও জানিয়েছে তেহরান। একই সঙ্গে মার্কিন ঘনিষ্ঠ দেশগুলিও এর প্রভাবের মুখে পড়তে পারে বলে সতর্ক করেছে ইরান।

এদিকে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি রবিবারও জানিয়েছেন, হরমুজ প্রণালী পুনরায় খোলার বিষয়টি নির্দিষ্ট শর্ত পূরণের সঙ্গে যুক্ত এবং এই অচলাবস্থা কাটানোর একমাত্র পথ আলোচনার মাধ্যমে সমাধান।

অন্যদিকে, ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকেও আলোচনার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া হয়নি। রবিবার ট্রাম্প জানিয়েছেন, চলতি সপ্তাহেই ইরানের সঙ্গে ফের আলোচনা হতে পারে। ফলে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান হলেও কূটনৈতিক যোগাযোগের দরজা পুরোপুরি বন্ধ হয়নি।

ইরান-আমেরিকার মধ্যে একদিকে কূটনৈতিক তৎপরতা, অন্যদিকে পালটা সামরিক হুঁশিয়ারি—এই দুইয়ের টানাপোড়েনে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনও যথেষ্ট উত্তপ্ত।