বর্ধমান: পশ্চিমবঙ্গে সংগঠন বিস্তারের লক্ষ্যে প্রথম দলীয় কার্যালয় খুলল অভিনেতা থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাড়াগম (TVK)। রবিবার পূর্ব বর্ধমানের ফাগুপুরে ওই কার্যালয়ের উদ্বোধন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন TVK-এর পশ্চিমবঙ্গের রাজ্য কো-অর্ডিনেটর চৈতালি রায়-সহ বিভিন্ন জেলার দলীয় নেতৃত্ব ও কর্মী-সমর্থকেরা।
দলীয় সূত্রে জানা গিয়েছে, সংগঠন বিস্তারের প্রাথমিক পর্বে সামাজিক কর্মকাণ্ডের উপরেই জোর দেওয়া হচ্ছে। শিক্ষা, বেকারত্ব-সহ বিভিন্ন সামাজিক ইস্যুতে মানুষের পাশে দাঁড়িয়ে সংগঠনকে শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে TVK-এর।
চৈতালি রায় বলেন, “তামিলনাড়ু থেকে নির্দেশ এসেছে, যে সমস্ত রাজ্যে দলের সংগঠন তৈরি হচ্ছে, সেখানে সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে। সেই নির্দেশ মেনেই পশ্চিমবঙ্গেও প্রথমে সামাজিক কাজ শুরু করা হবে। পরে মানুষের কাছে পৌঁছনোর চেষ্টা করব।”
পশ্চিমবঙ্গে নির্বাচনে TVK-এর লড়াইয়ের সম্ভাবনা নিয়েও মুখ খোলেন তিনি। তাঁর কথায়, “শিক্ষা ও বেকারত্ব নিয়ে লড়াই করব। আমরা চাই TVK এখানে ভোটে লড়ুক। তবে কোন নির্বাচনে লড়বে, তা উচ্চ নেতৃত্বের উপর নির্ভর করছে।”
দলীয় নেতৃত্বের দাবি, পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই প্রায় ৫ হাজার সমর্থক রয়েছেন। রবিবারের অনুষ্ঠানে বিভিন্ন জেলা থেকেও বহু সমর্থক উপস্থিত ছিলেন। ফাগুপুরে দলীয় কার্যালয় খোলার মধ্য দিয়ে রাজ্যে TVK-এর সাংগঠনিক কর্মকাণ্ডের আনুষ্ঠানিক সূচনা হল বলেই দাবি দলের।
আগামী দিনে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় সংগঠন বিস্তার এবং একাধিক সামাজিক কর্মসূচি নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন TVK নেতৃত্ব। থালাপতি বিজয়কে ঘিরে দক্ষিণ ভারতে যে বিপুল জনপ্রিয়তা রয়েছে, তার প্রভাব বাংলাতেও সংগঠন গড়ার ক্ষেত্রে কাজে লাগাতে চাইছে দল।