উওর বাংলা ডিজিটাল ডেস্ক:তৃতীয়বারের জন্য মেয়েদের এশিয়া কাপের ফাইনালে উঠল শ্রীলঙ্কা। শুক্রবার দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করল চামারি আতাপাত্তুর দল। ফলে রবিবার শিরোপার লড়াইয়ে ভারতের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। ভারত-পাকিস্তান ফাইনালের যে প্রত্যাশা করেছিলেন সমর্থকেরা, তা আর হচ্ছে না।
দুবাই স্টেডিয়ামে টসে জিতে প্রথমে পাকিস্তানকে ব্যাট করতে পাঠায় শ্রীলঙ্কা। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩০ রান তোলে পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেন অধিনায়ক ফাতিমা সানা। ৩৬ বলে তাঁর ইনিংসে ছিল চারটি চার ও দুটি ছক্কা। শাওয়াল জ়ুলফিকর ২৪ এবং গুল ফিরোজ়া করেন ২১ রান।
শ্রীলঙ্কার হয়ে চামুদি প্রবোদা ও চামারি আতাপাত্তু দুটি করে উইকেট নেন। একটি উইকেট পান সুগন্ধিকা কুমারি।
জবাবে ১৮.৪ ওভারেই ৬ উইকেট হারিয়ে ১৩৪ রান তুলে ম্যাচ জিতে নেয় শ্রীলঙ্কা। শুরুতে কিছুটা চাপে পড়লেও হর্ষিতা সমরবিক্রমা ও কাভিশা দিলহারির ব্যাটে জয়ের ভিত তৈরি হয়। হর্ষিতা ৩১ বলে ৩৬ এবং কাভিশা ৩৩ বলে ৩৩ রান করেন। নীলাক্ষী ডি সিলভা ১৮ রানে অপরাজিত থাকেন। ইমেশা দুলানি করেন ২১ বলে ২৪ রান।
পাকিস্তানের হয়ে দুর্দান্ত বোলিং করে চার উইকেট নেন ফাতিমা সানা। দল হারলেও তাঁর অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যাচের সেরা নির্বাচিত হন তিনি।
এর আগে প্রথম সেমিফাইনালে বাংলাদেশকে ৪০ রানে হারিয়ে ফাইনালে উঠেছিল ভারত। ফলে দ্বিতীয় সেমিফাইনাল ঘিরে ভারত-পাকিস্তান ফাইনালের সম্ভাবনা নিয়ে ছিল ব্যাপক উত্তেজনা। কিন্তু শ্রীলঙ্কার কাছে পাকিস্তানের হারে সেই প্রত্যাশায় জল ঢেলে গেল। এখন রবিবার এশিয়া কাপের শিরোপার লড়াইয়ে ভারত ও শ্রীলঙ্কা মুখোমুখি হবে।