শিকারপুর হাটে মদবিরোধী অভিযান, ৫ মহিলা-সহ আটক ২৮

বেলাকোবা: বেআইনি মদ বিক্রি ও সেবনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৫ মহিলা-সহ মোট ২৮ জনকে আটক করল বেলাকোবা ফাঁড়ির পুলিশ। বুধবার দুপুরে রাজগঞ্জ থানার অন্তর্গত শিকারপুর হাট এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযানের সময় কয়েকজনকে দেশি মদ (হাড়িয়া) বিক্রির অভিযোগেও আটক করা হয়েছে। পাশাপাশি এলাকায় জার ও হাঁড়িতে মজুত করে রাখা দেশি মদ উদ্ধার করে পুলিশ। পরে নিয়ম মেনে সেগুলি নষ্ট করে দেওয়া হয়।
পুলিশ সূত্রের খবর, আটক ২৮ জনের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের এই অভিযানে এলাকায় বেআইনি মদ বিক্রি ও সেবনকারীদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়।
এই বিষয়ে বেলাকোবা ফাঁড়ির ওসি অরিজিৎ কুণ্ডু বলেন, মদের বিরুদ্ধে লাগাতার অভিযান চালানো হবে। নেশামুক্ত পরিবেশ তৈরি করাই পুলিশের লক্ষ্য।