সিকিম: সিকিমের গ্যালশিং জেলার রিম্বি এলাকায় ভয়াবহ ভূমিধসে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। গতরাতে প্রবল বৃষ্টির মধ্যে একাধিক জায়গায় ধস নামায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।
ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং-গোলয়। তিনি জানিয়েছেন, পরিস্থিতি এখনও গুরুতর। সাধারণ মানুষের নিরাপত্তা ও সুরক্ষাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
মুখ্যমন্ত্রীর নির্দেশে সংশ্লিষ্ট প্রশাসনিক আধিকারিকদের হাই অ্যালার্টে থাকতে বলা হয়েছে। পরিস্থিতির উপর নিবিড় নজরদারি চালানোর পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রিম্বির বাসিন্দাদের উদ্দেশে মুখ্যমন্ত্রী সতর্ক থাকার পাশাপাশি প্রশাসনের নির্দেশিকা মেনে চলার আবেদন জানিয়েছেন। প্রবল বৃষ্টির মধ্যে নিরাপদে থাকার এবং বিপদে একে অপরকে সহযোগিতা করার বার্তাও দিয়েছেন তিনি।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আমরা রিম্বির মানুষের পাশে রয়েছি।”