জানা গিয়েছে, গত ২০ সেপ্টেম্বর ট্রেনে করে ভিন্রাজ্যে যাওয়ার পথে নিউ জলপাইগুড়ি এলাকা থেকে চারজনের একটি দলকে আটক করা হয়। পরে তাঁদের ফাটাপুকুর হোল্ডিং সেন্টারে রাখা হয়েছিল। রবিবার সকালে শৌচালয়ে যাওয়ার কথা বলে বাইরে বেরিয়েছিল মহম্মদ সালাম। অভিযোগ, সেই সুযোগে নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে হোল্ডিং সেন্টারের দেওয়াল টপকে পালিয়ে যায় সে।
ঘটনার খবর পেয়ে তল্লাশিতে নামে পুলিশ, প্রশাসন ও বনদপ্তরের কর্মীরা। অভিযানে নামানো হয় বনদপ্তরের স্নিফার ডগ। দীর্ঘক্ষণ তল্লাশির পর হোল্ডিং সেন্টার থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি চা-বাগান থেকে ওই যুবককে পাকড়াও করা হয়।
ঘটনার পর ফাটাপুকুর হোল্ডিং সেন্টারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। কীভাবে একজন আটক ব্যক্তি নিরাপত্তার ঘেরাটোপ পেরিয়ে দেওয়াল টপকে বাইরে বেরিয়ে গেল, তা খতিয়ে দেখা হচ্ছে। জেলা প্রশাসনের তরফেও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।