পাকা রাস্তা মেরামতির দুদিনেই উঠে যাচ্ছে পিচ, নিম্নমানের কাজের অভিযোগ


 রাজগঞ্জ: পাকা রাস্তা মেরামতির কাজ শেষ হতে না হতেই উঠে যাচ্ছে পিচ। নিম্নমানের কাজের অভিযোগ উঠেছে পানিকৌরি গ্রাম পঞ্চায়েতের দেবেন্দ্রপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দেবেন্দ্রপুর রেলগেট থেকে বুড়িমোর পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার রাস্তা মেরামতির কাজ চলছে। অভিযোগ, কাজ শেষ হওয়ার দুদিনের মধ্যেই বিভিন্ন জায়গায় রাস্তার পিচ উঠে যেতে শুরু করেছে।

দুর্গাপুজোর আগে ভাঙাচোরা রাস্তা মেরামতির জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই এলাকায় রাস্তা মেরামতির কাজ শুরু হয়েছে বলে জানা গিয়েছে। তবে সেই কাজের গুণমান নিয়েই প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দা রব্বে আলী ও ধুরেন রায়ের অভিযোগ, ‘‘লোকদেখানো কাজ হচ্ছে। পিচ দেওয়ার আগে যে ধরনের প্রলেপ বা উপকরণ দেওয়ার কথা, তা দেওয়া হয়নি। কোনওরকমে পিচ দিয়ে রাস্তার গর্ত ভরাট করে কাজ শেষ করে দেওয়া হয়েছে। ফলে দুদিন যেতে না যেতেই পিচ উঠে যাচ্ছে।’’

তাঁদের আরও অভিযোগ, এই রাস্তা এক মাস তো দূরের কথা, সাত দিনও ঠিকভাবে টিকবে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে। তাঁদের দাবি, সরকারি অর্থ খরচ করে নিম্নমানের কাজ না করে রাস্তা সঠিকভাবে মেরামত করা হোক। রাস্তার কাজ পুনরায় করা হলে এলাকার বাসিন্দাদের যাতায়াতে অনেকটাই সুবিধা হবে।

তবে রাস্তা মেরামতির কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য এখনও জানা যায়নি।