শিলিগুড়ি: গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শিলিগুড়ি জংশন থেকে এক যুবককে আটক করল প্রধাননগর থানার পুলিশ। ২৪ ও ২৫ সেপ্টেম্বরের মধ্যবর্তী রাতে অভিযান চালিয়ে বিহারের মুজফফরপুরের বাসিন্দা প্রেম কুমার (৩৪)-কে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে মোট ৭টি সোনার খণ্ড উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সোনার মোট ওজন ২০২.১৭০ গ্রাম। পুলিশের দাবি, সোনা নিজের দখলে রাখার স্বপক্ষে কোনও বৈধ নথি দেখাতে পারেননি ওই যুবক।
এরপর নিয়ম মেনে উদ্ধার হওয়া সোনার খণ্ডগুলি বাজেয়াপ্ত করা হয়। ঘটনায় প্রধাননগর থানায় মামলা দায়ের হয়েছে। উদ্ধার হওয়া সোনার উৎস এবং এর সঙ্গে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। চলছে পরবর্তী আইনি প্রক্রিয়া।