ডালখোলা স্টেশনে বিদেশি মদ-সহ গ্রেফতার ২, উদ্ধার ২০ বোতল


 ডালখোলা: গোপনে বিদেশি মদ পাচারের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করল ডালখোলা জিআরপি। শনিবার সন্ধ্যায় ডালখোলা রেলস্টেশনে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। তাঁদের কাছ থেকে উদ্ধার হয়েছে দুই ব্যাগ ভর্তি ২০ বোতল বিদেশি মদ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ ডালখোলা জিআরপি সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালায়। তাঁদের ব্যাগ থেকে উদ্ধার হয় ২০ বোতল বিদেশি মদ। ধৃতরা হলেন বিহারের ভাগলপুর জেলার রঙ্গরা চক থানার চাপর গ্রামের বাসিন্দা মন্টু যাদব (২২) এবং গৌরব কুমার (২৯)।

পুলিশের অভিযোগ, ধৃতরা গোপনে মদ পরিবহণ করছিলেন। ঘটনার পর তাঁদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। মদ পাচারের সঙ্গে আরও কেউ জড়িত কি না, কোথা থেকে মদ আনা হয়েছিল এবং কোথায় তা নিয়ে যাওয়া হচ্ছিল—তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।