জলপাইগুড়ি জেলার রাজগঞ্জে তৃণমূলের আরও একটি গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হল। বুধবার পানিকৌরি গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করল বিজেপি। নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিলেন মনখুশি চৌধুরি এবং উপপ্রধান হলেন থাবাউ রায়।
বোর্ড গঠনকে কেন্দ্র করে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। গ্রাম পঞ্চায়েত দখলের পর গেরুয়া আবির খেলায় মেতে ওঠেন দলের কর্মী-সমর্থকরা।
প্রসঙ্গত, রাজ্যে শাসন ক্ষমতার পালাবদলের পর রাজগঞ্জ ব্লকে তৃণমূলের সংগঠনে টানাপোড়েন শুরু হয়েছে। এর আগে তৃণমূলের দখলে থাকা রাজগঞ্জ পঞ্চায়েত সমিতিতেও বিজেপি বোর্ড গঠন করেছে। এছাড়াও সুখানি, মাঝিয়ালি, ফুলবাড়ি-১, মান্তাদারি এবং বেলাকোবা গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে গিয়েছে বলে দাবি দলের।
অন্যদিকে, বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতও তৃণমূলের হাতছাড়া হওয়ার মুখে। একের পর এক পঞ্চায়েতের দখল পরিবর্তনকে কেন্দ্র করে রাজগঞ্জের রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।