বনগাঁ: গাড়িতে বেআইনি আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি তথা প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাসকে গ্রেফতার করল গোপালনগর থানার পুলিশ। সোমবার দুপুরে বনগাঁর গোপালনগর বাজার এলাকায় তাঁর গাড়ি আটক করে তল্লাশি চালানো হয়। পুলিশ সূত্রে দাবি, গাড়ি থেকে একটি বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে গোপালনগর থানার পুলিশ বিশ্বজিৎ দাসের গাড়ি আটকায়। তল্লাশির পর তাঁকে গাড়ি থেকে নামিয়ে থানায় নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়। গাড়িটিও আটক করা হয়েছে।
বিশ্বজিৎ দাস বনগাঁ উত্তর কেন্দ্রের দু’বারের প্রাক্তন বিধায়ক। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে বাগদা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তিনি। পরে তৃণমূলে ফিরে এসে বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতির দায়িত্ব পান। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বনগাঁ কেন্দ্র এবং ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বনগাঁ উত্তর কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হয়ে তিনি পরাজিত হন।
বিশ্বজিৎ দাসকে থানায় নিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের কোনও উত্তর দেননি। গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই থানার সামনে বিজেপি কর্মী-সমর্থকদের ভিড় জমে। তবে তাঁর গ্রেফতারি নিয়ে এখনও তৃণমূল বা বিজেপির তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বিশ্বজিৎ দাসের বিরুদ্ধে ঠিক কোন কোন ধারায় মামলা করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও পুলিশের তরফে প্রকাশ্যে আসেনি।