তিন দিনের প্রস্তাবিত ব্যাঙ্ক ধর্মঘট বাতিল করা হল। রবিবার রাতে ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন (IBA) এবং ব্যাঙ্ক কর্মী-আধিকারিকদের সাতটি সংগঠনের যৌথ মঞ্চ ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস (UFBU)-এর বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ধর্মঘটের ডাক দিয়েছিল বিভিন্ন ব্যাঙ্কের কর্মী সংগঠন। মূলত সপ্তাহে পাঁচ দিন কাজের দাবিতেই এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। কর্মী সংগঠনগুলির দাবি ছিল, দীর্ঘ সময় কাজ করার কারণে ব্যাঙ্ককর্মীদের প্রতি শনিবার ছুটি দেওয়া হোক।
রবিবার রাত সাড়ে ৯টায় IBA এবং UFBU-এর মধ্যে বৈঠক হয়। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, শনিবার ছুটির বিষয়টি খতিয়ে দেখতে IBA ও UFBU-এর একটি উচ্চপর্যায়ের কমিটি অবিলম্বে গঠন করা হবে। কমিটি সম্ভাব্য সমস্ত বিকল্প নিয়ে আলোচনা করবে এবং সংশ্লিষ্ট পক্ষগুলির মতামত নিয়ে গ্রহণযোগ্য সমাধানের চেষ্টা করবে।
এছাড়াও Performance Linked Incentive নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করে কর্মী সংগঠনগুলির আপত্তি সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
ফলে ২৮ থেকে ৩০ সেপ্টেম্বরের ঘোষিত ব্যাঙ্ক ধর্মঘট আপাতত বাতিল হওয়ায় স্বস্তি মিলল গ্রাহকদের।