আধার টোকেন ঘিরে প্রসন্ননগর পোস্ট অফিসে ধুন্ধুমার, পরিস্থিতি সামাল দিতে ছুটল পুলিশ

বেলাকোবা: আধার কার্ডের টোকেন দেওয়া ঘিরে মঙ্গলবার সকালে বেলাকোবার প্রসন্ননগর পোস্ট অফিসে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হল। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের ভিড় ক্রমশ বাড়তে থাকায় উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে শেষ পর্যন্ত ঘটনাস্থলে ছুটে আসতে হয় পুলিশকে।
জানা গিয়েছে, আধার কার্ড সংক্রান্ত কাজের জন্য টোকেন দেওয়া হবে—এই মর্মে কয়েকদিন আগেই পোস্ট অফিসের তরফে নোটিশ দেওয়া হয়েছিল। সেই মতো মঙ্গলবার সকাল থেকেই প্রসন্ননগর পোস্ট অফিসের সামনে ভিড় জমাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ভিড় আরও বাড়তে থাকে।
টোকেন সংগ্রহকে কেন্দ্র করে লাইনে দাঁড়ানো মানুষের মধ্যে শুরু হয় বচসা। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও টোকেন না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বহু মানুষ।
 তাঁদের অভিযোগ, পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় এত মানুষের ভিড় সামলানো সম্ভব হয়নি।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ভিড় নিয়ন্ত্রণে আনে পুলিশ। এরপর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়।
আধার সংক্রান্ত পরিষেবা নিতে আসা মানুষের ভিড়কে কেন্দ্র করে মঙ্গলবার সকালে প্রসন্ননগর পোস্ট অফিস চত্বরে বেশ কিছুক্ষণ ধরে উত্তেজনা বজায় ছিল।