রাজগঞ্জ: দেশাত্মবোধের বার্তা নিয়ে রাজগঞ্জ ব্লকের বেলাকোবায় আয়োজিত হল তিরঙ্গা যাত্রা। মঙ্গলবার আরআর প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে এই বিশেষ র্যালির আয়োজন করা হয়।
এদিন আরআর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে জাতীয় পতাকা হাতে নিয়ে তিরঙ্গা যাত্রা শুরু হয়। পড়ুয়ারা হাইস্কুলের সামনে দিয়ে বিবেকানন্দ মোড় হয়ে ফের স্কুল প্রাঙ্গণে ফিরে আসে। র্যালিতে অংশ নেন রাজগঞ্জের বিডিও শুভঙ্কর দাস, স্কুলের শিক্ষক-শিক্ষিকা, ব্লক প্রশাসনের আধিকারিকরা। তাঁদের সঙ্গে ছিলেন বেলাকোবা পুলিশ ফাঁড়ির পুলিশকর্মীরাও।
রাজগঞ্জের বিডিও শুভঙ্কর দাস জানান, স্বাধীনতা দিবস উপলক্ষে রাজগঞ্জ ব্লকের বিভিন্ন এলাকায় দেশাত্মবোধক কর্মসূচি নেওয়া হচ্ছে। বেলাকোবাতেও তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়েছে। পাশাপাশি ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে খুদে পড়ুয়াদের জন্য বিভিন্ন প্রতিযোগিতারও আয়োজন রয়েছে।
জাতীয় পতাকা হাতে খুদে পড়ুয়াদের এই পদযাত্রার মধ্য দিয়ে দেশপ্রেম ও জাতীয় সংহতির বার্তা তুলে ধরা হয়।