রাজগঞ্জ: রাজগঞ্জের হরিহর নিরাশ্রয় সেবা আশ্রম পরিদর্শন করলেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত সাধিকা ঋতম্বরা দেবী। বৃন্দাবন থেকে রাজগঞ্জের এই আশ্রমে এসে প্রথমেই হরিহরানন্দ মহারাজ প্রতিষ্ঠিত মন্দিরে পুজো দেন তিনি। এরপর আশ্রমের বিভিন্ন এলাকা ও জমি ঘুরে দেখার পাশাপাশি আশ্রমের বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শন শেষে ভক্তদের উদ্দেশ্যে প্রবচন দেন ঋতম্বরা মাতা। তাঁকে দেখতে এদিন আশ্রমে ভক্তদের ঢল নামে।
এদিন রাজগঞ্জের বিধায়ক দীনেশ সরকার জানান, আশ্রমের জমি ও ভবিষ্যৎ সুরক্ষা নিয়ে ইতিমধ্যেই বিডিও, জেলাশাসক, পুলিশ সুপার এবং আইসির সঙ্গে প্রশাসনিক বৈঠক হয়েছে। আগামী দিনে যাতে কেউ আশ্রমের জমির দিকে কুনজর দিতে না পারে, সে বিষয়েও প্রশাসনের সঙ্গে আলোচনা করা হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি আশ্রমের উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান বিধায়ক।
অন্যদিকে, হরিহর নিরাশ্রয় সেবা আশ্রম ট্রাস্টের সভাপতি দেবব্রত মজুমদার জানান, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত সাধিকা ঋতম্বরা মাতা আশ্রমের বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন এবং জমি সংক্রান্ত বিষয়েও খোঁজখবর নিয়েছেন। ভবিষ্যতে আশ্রমের উন্নয়নের কাজে তাঁরা ডাকলে পাশে থাকার আশ্বাসও দিয়েছেন সাধিকা।
দেবব্রত মজুমদারের দাবি, একসময় আশ্রমের প্রায় ১৪০ বিঘা জমি ছিল। এর মধ্যে প্রায় ২২ বিঘা জমি বিক্রি হয়ে গিয়েছে। বর্তমানে আশ্রম ও মন্দিরের জমি দখলের জন্য চক্রান্ত চলছে বলেও অভিযোগ করেন তিনি। আশ্রম প্রতিষ্ঠাতা হরিহরানন্দ মহারাজের নাম ও ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে ভবিষ্যতে এখানে বড় ধরনের উন্নয়নমূলক কাজ করার জন্য মুখ্যমন্ত্রীর কাছেও আবেদন জানান ট্রাস্টের সভাপতি।
আশ্রমের জমি সুরক্ষিত রাখা এবং ভবিষ্যতে আশ্রমকে আরও বড় পরিসরে গড়ে তোলার লক্ষ্যে ইতিমধ্যেই বিডিও, জেলাশাসক, রাজগঞ্জের বিধায়ক এবং জলপাইগুড়ির বিধায়কের কাছে লিখিতভাবে আবেদন জানানো হয়েছে বলেও জানান দেবব্রত মজুমদার।