বাংলাদেশে অপহৃত ভারতীয় ক্ষুদ্র চা চাষী দীপঙ্কর গোপকে দেশে ফিরিয়ে আনতে প্রশাসনের তরফে সবরকম চেষ্টা চালানো হচ্ছে বলে জানালেন রাজগঞ্জের বিধায়ক দীনেশ সরকার।
বিধায়ক বলেন, “যাঁকে অপহরণ করা হয়েছে, তিনি আমার বিধানসভা এলাকার বাসিন্দা। বিষয়টি জানার পরই সাংসদ ও জেলাশাসককে জানানো হয়েছে। বিজিবির সঙ্গে ফ্ল্যাগ মিটিংও করেছে বিএসএফ।”
তাঁর দাবি, যতদূর জানা গিয়েছে, দীপঙ্কর গোপকে বাংলাদেশের কোনও এক চেয়ারম্যানের বাড়িতে আটকে রাখা হয়েছে। একই সঙ্গে তিনি জানান, কিছুদিন আগে বাংলাদেশের এক ব্যক্তি এপারে ধরা পড়েছিলেন। তাঁকে মুক্ত করার দাবিতেই ভারতীয় চা চাষীকে অপহরণ করা হয়ে থাকতে পারে বলে শোনা যাচ্ছে।
অন্যদিকে, বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে ভারতীয় চা চাষী অপহরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষী সমিতির সম্পাদক বিজয়গোপাল চক্রবর্তী।
তিনি জানান, শনিবার সকালে দীপঙ্কর গোপ নামে ওই ক্ষুদ্র চা চাষী চাউলহাটি সীমান্তের বালাসন ক্যাম্পের অধীন ৩০ নম্বর গেট দিয়ে কাঁটাতারের ওপারে ভারতীয় ভূখণ্ডে নিজের চা বাগানে কাজে যান। অভিযোগ, সেই সময় বাংলাদেশের দুষ্কৃতীরা তাঁকে অপহরণ করে নিয়ে যায়।
বিজয়গোপাল চক্রবর্তীর দাবি, গাদরা থেকে মানিকগঞ্জ পর্যন্ত সীমান্ত এলাকায় এবং কাঁটাতারের ওপারে ভারতীয় ভূখণ্ডে প্রচুর ক্ষুদ্র চা বাগান রয়েছে। প্রতিদিন বহু চা চাষী ও শ্রমিক সেখানে কাজ করতে যান। ফলে দীপঙ্কর গোপের অপহরণের ঘটনায় সীমান্তবর্তী এলাকার চা চাষীদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়েছে।
অপহৃত চা চাষীকে দ্রুত দেশে ফিরিয়ে এনে সীমান্তবর্তী চা চাষীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি উঠেছে।