উত্তরবাংলা ডিজিটাল ডেস্ক: দেশের খাদ্য সুরক্ষা ও মান নিয়ন্ত্রণ সংস্থা FSSAI একাধিক জনপ্রিয় হুইস্কি ও রামের নির্দিষ্ট কয়েকটি ভ্যারিয়েন্টের বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছে। নিষিদ্ধ তালিকায় রয়েছে ওল্ড মঙ্ক, রয়্যাল চ্যালেঞ্জ, অ্যান্টিকুইটি ব্লু, ম্যাকডাওয়েলস নম্বর ওয়ান, ব্যাগপাইপার ডিলাক্স হুইস্কি এবং ওল্ড কাস্ক ডিলাক্স XXX রামের কয়েকটি নির্দিষ্ট ব্যাচ।
FSSAI-এর দাবি, সংশ্লিষ্ট সংস্থাগুলির কয়েকটি ভ্যারিয়েন্টে নিয়মবহির্ভূতভাবে অতিরিক্ত ফ্লেভার ব্যবহার করা হয়েছে। সংস্থার মতে, হুইস্কি ও রামের স্বাদ-গন্ধ মূলত প্রাকৃতিক উপাদান এবং দীর্ঘ সময় ধরে এজিং প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হওয়ার কথা। কিন্তু তদন্তে দেখা গিয়েছে, কিছু পণ্যে আলাদা করে ফ্লেভার মিশিয়ে বাজারজাত করা হলেও লেবেলে তা যথাযথভাবে উল্লেখ করা হয়নি। সেই কারণে সংশ্লিষ্ট ভ্যারিয়েন্টগুলিকে ‘সাব-স্ট্যান্ডার্ড’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
নিষিদ্ধ তালিকায় ওল্ড মঙ্কের The Legend, Gold Reserve এবং XXX Matured Rum ভ্যারিয়েন্ট রয়েছে। পাশাপাশি ইউনাইটেড স্পিরিটসের কিছু ব্যাচের McDowell's No.1, Royal Challenge ও Antiquity Blue, ইনব্রু বেভারেজেসের Old Cask Deluxe XXX Rum এবং Bagpiper Deluxe Whisky-র নির্দিষ্ট ব্যাচও নিষেধাজ্ঞার আওতায় এসেছে।
FSSAI জানিয়েছে, ওল্ড মঙ্কের একটি ভ্যারিয়েন্টে ‘7 Years Old Blended’ দাবি করা হলেও পরীক্ষায় অধিকাংশ অংশই আন-এজড স্পিরিট বলে ধরা পড়েছে এবং ম্যাচিউরড রামের পরিমাণ ছিল অত্যন্ত কম। ফলে পণ্যের লেবেলে উল্লেখিত তথ্য ও প্রকৃত গুণগত মানের মধ্যে অসঙ্গতি পাওয়ায় সংশ্লিষ্ট ভ্যারিয়েন্টগুলির বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
তবে এই নির্দেশ সংশ্লিষ্ট সংস্থাগুলির সব ধরনের পণ্যের ক্ষেত্রে নয়, শুধুমাত্র তদন্তে চিহ্নিত নির্দিষ্ট ভ্যারিয়েন্ট ও ব্যাচগুলির ক্ষেত্রেই প্রযোজ্য।
বিদ্র:সংগৃহীত