দিনের বেলায় বাড়িতে চুরি, ৭০ হাজার টাকা ও সোনার গয়না উধাও

 রাজগঞ্জ: বাড়িতে কেউ না থাকার সুযোগে দিনের বেলায় চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের সাহুডাঙ্গি সংলগ্ন ফাপুড়ি পাড়ায়। নগদ প্রায় ৭০ হাজার টাকা এবং সোনার গয়না চুরি হয়েছে বলে অভিযোগ। ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যেও আতঙ্ক তৈরি হয়েছে।

বাড়ির গৃহবধূ নীলিমা রায় জানান, গতকাল বেলা ১১টা নাগাদ তিনি মেয়েকে নিয়ে জরুরি কাজে বিডিও অফিসে গিয়েছিলেন। তাঁর ছোট ছেলে তখন স্কুলে ছিল। অন্যদিকে, তাঁর স্বামী সাহুডাঙ্গিতে একটি চিকেনের দোকান চালান। ফলে ওই সময় বাড়িতে কার্যত কেউ ছিলেন না।

নীলিমা রায় জানান, দুপুর প্রায় ১টা নাগাদ বাড়িতে ফিরে তিনি দেখতে পান ঘরের সমস্ত জিনিসপত্র এলোমেলো হয়ে রয়েছে। কাপড়চোপড়-সহ বিভিন্ন সামগ্রী তছনছ করা হয়। এরপর ঘরে রাখা নগদ টাকা ও সোনার গয়না খুঁজে না পেয়ে তিনি বুঝতে পারেন, বাড়িতে চুরি হয়েছে।

পরিবারের দাবি, বাড়িতে প্রায় ৭০ হাজার টাকা নগদ রাখা ছিল। সেই সঙ্গে কানের সোনার গয়নাও চুরি হয়েছে বলে অভিযোগ। দোকান থেকে উপার্জন করা টাকা ধীরে ধীরে জমিয়েছিলেন তাঁরা। নীলিমার অনুমান, বাড়ির পিছনের দিক দিয়ে গাছ বেয়ে উঠে চোর ঘরে প্রবেশ করে থাকতে পারে।

ঘটনার খবর পেয়ে ভোরের আলো থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। চুরির সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

নীলিমা রায়ের আবেদন, পুলিশ দ্রুত তদন্ত করে চুরির সঙ্গে জড়িতদের গ্রেফতার করুক এবং খোয়া যাওয়া নগদ টাকা ও সোনার গয়না উদ্ধার করুক।