রাজগঞ্জ: সাহুডাঙ্গির জলডুমমোড় ডাঙ্গাপাড়ায় উদ্ধার হল প্রায় ৭ ফুট লম্বা একটি অজগর। অজগর উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমে যায় স্থানীয় বাসিন্দাদের।
স্থানীয় বাসিন্দা উমাপদ রায় জানান, রাস্তা পারাপারের সময় অজগরটিকে দেখতে পান তাঁরা। এরপর খবর দেওয়া হয় বনদপ্তরে। খবর পেয়ে ডাবগ্রাম রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে অজগরটিকে উদ্ধার করেন।
বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া অজগরটিকে নিরাপদে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। অজগরটি দেখতে পেয়ে প্রথমে এলাকায় আতঙ্ক ছড়ালেও বনকর্মীরা সেটিকে উদ্ধার করার পর স্বস্তি ফিরেছে স্থানীয়দের মধ্যে।