আদালতের নির্দেশে থানায়, বিজেপির ‘ডিম থেরাপি’র মুখে তৃণমূল নেতা কৃষ্ণ দাসের মেয়ে প্রনয়ীতা দাস

Jalpaiguri: আদালতের নির্দেশে তদন্তে সহযোগিতা করতে কোতোয়ালি থানায় আসতেই বিক্ষোভের মুখে পড়লেন পলাতক তৃণমূল নেতা কৃষ্ণ দাসের মেয়ে তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ প্রনয়ীতা দাস।

অভিযোগ, থানার বাইরে তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকরা। বিক্ষোভ চলাকালীন তুমুল উত্তেজনার সৃষ্টি হয়। শারীরিক হেনস্থার অভিযোগের পাশাপাশি প্রনয়ীতা দাসকে লক্ষ্য করে ডিমও ছোড়া হয়, যা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, কৃষ্ণ দাসের পাশাপাশি প্রনয়ীতা দাসের বিরুদ্ধেও বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ রয়েছে। সেই মামলার তদন্তে সহযোগিতা করার উদ্দেশ্যেই আদালতের নির্দেশে তিনি কোতোয়ালি থানায় উপস্থিত হন। তবে থানায় পৌঁছতেই বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়।