রাজগঞ্জে একদিনে তিন পদত্যাগ! সুখানি ও মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েতে নতুন সমীকরণের জল্পনা

 রাজগঞ্জ: একদিনে তিন জনপ্রতিনিধির পদত্যাগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রাজগঞ্জে। সোমবার রাজগঞ্জ বিডিও অফিসে গিয়ে পদত্যাগপত্র জমা দেন সুখানি গ্রাম পঞ্চায়েতের প্রধান পরিমল রায়, উপপ্রধান ঈশরাইল হক এবং মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েতের কনিষ্ঠ প্রধান সমিত দত্ত।
পদত্যাগপত্র জমা দেওয়ার পর তিনজনই জানান, ব্যক্তিগত কারণেই তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে একই দিনে পরপর তিন জনপ্রতিনিধির পদত্যাগকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
স্থানীয় সূত্রের দাবি, এই ঘটনাকে ঘিরে বিভিন্ন মহলে নানা জল্পনা তৈরি হয়েছে। যদিও পদত্যাগের নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, সে বিষয়ে সংশ্লিষ্টদের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। প্রশাসনিক মহলও এ বিষয়ে মুখ খোলেনি।
এদিকে, একই দিনে দুই পৃথক গ্রাম পঞ্চায়েতের তিন পদাধিকারীর পদত্যাগে রাজগঞ্জের রাজনৈতিক সমীকরণে কোনও প্রভাব পড়বে কি না, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে। আগামী দিনে এই পদত্যাগ ঘিরে নতুন কোনও রাজনৈতিক সমীকরণ তৈরি হয় কি না, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।