দীর্ঘ ৬ মাস পর নতুন বিডিও পেল রাজগঞ্জ, দায়িত্বে WBCS অফিসার শুভঙ্কর দাস

রাজগঞ্জ:রাজগঞ্জ ব্লকের দীর্ঘদিনের প্রশাসনিক শূন্যতার অবসান ঘটিয়ে নতুন সমষ্টি উন্নয়ন আধিকারিক (বিডিও) হিসেবে নিয়োগ পেলেন ২০২৩ ব্যাচের WBCS (Executive) অফিসার শুভঙ্কর দাস। শুক্রবার রাজ্য সরকারের কর্মীবর্গ ও প্রশাসনিক দপ্তরের জারি করা বিজ্ঞপ্তিতে এই নিয়োগের কথা জানানো হয়।
এর আগে শুভঙ্কর দাস মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ-২ ব্লকের বিডিও হিসেবে কর্মরত ছিলেন। উল্লেখ্য, গত জানুয়ারিতে তৎকালীন বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠার পর তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর থেকে জয়েন্ট বিডিও সৌরভকান্তি মণ্ডল অতিরিক্ত দায়িত্ব সামলাচ্ছিলেন।
দীর্ঘ প্রায় ছয় মাস পূর্ণকালীন বিডিও না থাকায় বিভিন্ন সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও প্রশাসনিক কাজকর্মে প্রভাব পড়েছিল বলে অভিযোগ ছিল স্থানীয়দের। নতুন বিডিও হিসেবে শুভঙ্কর দাসের যোগদানে প্রশাসনিক কাজে গতি ফিরবে এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে নতুন উদ্যম আসবে বলে আশা করছেন প্রশাসনিক মহল ও সাধারণ মানুষ।