রাজগঞ্জ: রাজগঞ্জের BLLRO অফিস চত্বরে তৃণমূলের নাম ভাঙিয়ে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হল ফাটাপুকুরের বাসিন্দা মজনু মহম্মদ। শিলিগুড়ির ভক্তিনগরের বাসিন্দা সমির মল্লিকের দায়ের করা অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় ফাটাপুকুরের একটি ঢাবা থেকে তাকে আটক করে রাজগঞ্জ থানার পুলিশ। পরে তাকে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দায়ের হওয়া FIR-এ অভিযোগ করা হয়েছে যে, সমির মল্লিককে ভয় দেখিয়ে মজনু ৪০ হাজার টাকা আদায় করে। অভিযোগ, দীর্ঘদিন ধরে শাসকদলের নাম ব্যবহার করে BLLRO অফিসে কর্মরত মুহুরিদের কাছ থেকেও টাকা আদায় করত সে। রাজনৈতিক পালাবদলের পর অবশেষে তার বিরুদ্ধে পুলিশি পদক্ষেপ করা হয়েছে বলে দাবি।
স্থানীয় সূত্রের দাবি, এর আগেও মজনুর বিরুদ্ধে একাধিক অভিযোগ থানায় জমা পড়েছিল। তবে সেসময় কোনও পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ ওঠে।
এ প্রসঙ্গে বিজেপির যুব নেতা সিদ্ধার্থ পণ্ডিত বলেন, "মজনু তৃণমূলের সঙ্গে যুক্ত ছিল। রাজনৈতিক প্রভাব খাটিয়ে ভূমি দপ্তরে দাদাগিরি করে ট্যাক্সের নামে টাকা আদায় করত।"
যদিও মজনুর পরিবারের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।