অন-স্পট পলিউশন টেস্টে কড়াকড়ি, এবার পেট্রল-সিএনজি গাড়িও পুলিশের নজরে

কলকাতা: শুধু পলিউশন সার্টিফিকেট দেখালেই আর রেহাই মিলবে না। এবার রাস্তাতেই পেট্রল, সিএনজি এবং ডিজেলচালিত গাড়ির দূষণ পরীক্ষা শুরু করল কলকাতা ট্র্যাফিক পুলিশ। নতুন প্রযুক্তির অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে শহরের বিভিন্ন প্রান্তে চালানো হচ্ছে এই অভিযান।
এতদিন পর্যন্ত মূলত ডিজেলচালিত গাড়ির ক্ষেত্রেই অন-স্পট দূষণ পরীক্ষা করা সম্ভব ছিল। তবে নতুন প্রযুক্তি চালু হওয়ায় এখন পেট্রল, সিএনজি চালিত গাড়ি, মোটরবাইক ও অটোরও সরাসরি দূষণের মাত্রা পরীক্ষা করা যাবে। একই সময়ে তিন ধরনের জ্বালানিচালিত যানবাহনের নির্গত ধোঁয়া ও দূষণের মাত্রা পরিমাপ করা সম্ভব হবে।
পুলিশ সূত্রে খবর, কলকাতা ট্র্যাফিক পুলিশের হাতে ইতিমধ্যেই ৩২টি অত্যাধুনিক পলিউশন মাপার যন্ত্র তুলে দেওয়া হয়েছে। ওই যন্ত্রগুলি নিয়ে বিশেষ যানবাহনে শহরের বিভিন্ন এলাকায় টহল দিচ্ছেন ট্র্যাফিক কর্মীরা। ফলে যে কোনও সময়, যে কোনও জায়গায় চালকদের দূষণ পরীক্ষার মুখোমুখি হতে হতে পারে।
পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ এবং বায়ুর গুণমান উন্নত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নির্ধারিত মানের চেয়ে বেশি দূষণ ছড়ালে সংশ্লিষ্ট গাড়ির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে। তাই বৈধ পলিউশন সার্টিফিকেট থাকার পাশাপাশি গাড়ির প্রকৃত দূষণের মাত্রাও এখন নিয়মের মধ্যে রাখা জরুরি।