কর্নাটকে ৭ হাজার HIV আক্রান্ত পড়ুয়া! সব কলেজে বাধ্যতামূলক সচেতনতা ক্যাম্পের নির্দেশ সরকারের

ডিজিটাল ডেস্ক: কর্নাটকে এইচআইভি (HIV) সংক্রমণ নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে সাম্প্রতিক পরিসংখ্যান। ১৮ থেকে ২৫ বছর বয়সি প্রায় ৭ হাজার পড়ুয়ার শরীরে এইচআইভি সংক্রমণ ধরা পড়েছে বলে একটি রিপোর্ট সামনে আসতেই নড়েচড়ে বসেছে রাজ্য সরকার। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে সমস্ত সরকারি ও বেসরকারি কলেজে বাধ্যতামূলকভাবে এইচআইভি সচেতনতা শিবির আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।

ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশন (NACO)-এর তথ্য অনুযায়ী, দেশে এইচআইভি আক্রান্তের সংখ্যার নিরিখে কর্নাটক তৃতীয় স্থানে। বর্তমানে রাজ্যে প্রায় ২ লক্ষ ৬০ হাজার মানুষ এইচআইভি নিয়ে বসবাস করছেন। তাঁদের মধ্যে প্রায় ২ লক্ষ ৫ হাজার জন চিকিৎসাধীন। তবে উদ্বেগের বিষয়, প্রায় ৫৪ হাজার মানুষ এখনও জানেনই না যে তাঁরা এইচআইভিতে আক্রান্ত।

সরকারি পরিসংখ্যান বলছে, ১৮ থেকে ৩৫ বছর বয়সি তরুণ-তরুণীদের মধ্যে সংক্রমণের হার দ্রুত বাড়ছে। ২০২৩-২৪ অর্থবর্ষে এই বয়সসীমায় এইচআইভি আক্রান্তের সংখ্যা ছিল ৪৪ হাজার ৫০০। ২০২৫-২৬ সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ হাজার ৬০০।

সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্টে দাবি করা হয়েছে, নতুন করে প্রায় ৭ হাজার পড়ুয়ার শরীরে এইচআইভি সংক্রমণ ধরা পড়েছে। এরপরই কলেজ পড়ুয়াদের মধ্যে সচেতনতা বাড়াতে রাজ্যের সব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ এইচআইভি সচেতনতা কর্মসূচি, কাউন্সেলিং এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে কর্নাটক সরকার।