রাজগঞ্জে থানায় ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ INTTUC জেলা সভাপতি তপন দে, গ্রেপ্তারি নিয়ে জোর জল্পনা

রাজগঞ্জ: তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC-র জলপাইগুড়ি জেলা সভাপতি তপন দে-কে ঘিরে রবিবার বিকেল থেকে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। তাঁকে রাজগঞ্জের বাড়ি থেকে ডেকে নিয়ে আসে রাজগঞ্জ থানার পুলিশ। এরপর থেকেই তাঁর সম্ভাব্য গ্রেপ্তারি নিয়ে জেলাজুড়ে জল্পনা ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকেল সাড়ে ৪টার কিছু আগে তপন দে থানায় পৌঁছন। তারপর থেকেই তাঁকে থানায় বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে কী কারণে তাঁকে থানায় ডাকা হয়েছে বা কোন মামলার সূত্রে এই জিজ্ঞাসাবাদ চলছে, সে বিষয়ে পুলিশ এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে। তৃণমূলের স্থানীয় নেতৃত্বও বিষয়টি নিয়ে খোঁজখবর নিতে শুরু করেছেন। যদিও সন্ধ্যা পর্যন্ত তাঁকে গ্রেপ্তার করা হয়েছে কি না, সে বিষয়ে কোনও সরকারি ঘোষণা মেলেনি।
শেষ পাওয়া খবর অনুযায়ী, তপন দে রাজগঞ্জ থানাতেই রয়েছেন এবং পুলিশ তাঁর সঙ্গে কথা বলছে। ঘটনার দিকে নজর রয়েছে জেলার রাজনৈতিক মহলের।