স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাহুডাঙ্গী স্বাস্থ্যকেন্দ্রের কাছে চন্দন সরকারের বাড়ির পুকুরে পাতা মাছ ধরার জালে আটকে পড়ে অজগরটি। বিশালাকার সাপটিকে দেখতে ভিড় জমাতে শুরু করেন এলাকার বাসিন্দারা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় আমবাড়ি রেঞ্জের বন দফতরের কর্মীরা।
বন দফতর সূত্রে জানা গিয়েছে, অজগরটি জালে জড়িয়ে পড়ায় নড়াচড়া করতে পারছিল না। বনকর্মীরা সতর্কতার সঙ্গে সাপটিকে উদ্ধার করেন। প্রাথমিকভাবে অনুমান, অজগরটির দৈর্ঘ্য প্রায় আট থেকে নয় হাত। উদ্ধার হওয়ার পর তার শারীরিক অবস্থা পরীক্ষা করা হয়। প্রয়োজনীয় চিকিৎসার পর তাকে উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন বন দফতরের কর্মীরা।
স্থানীয় বাসিন্দা বিজয় রায় জানান, এলাকায় সাধারণত অজগর দেখা যায় না। হঠাৎ এত বড় সাপ দেখতে পেয়ে গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। তবে বন দফতরের দ্রুত পদক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে এবং এলাকাবাসী স্বস্তি পেয়েছেন।