তিস্তার জল বাড়ছে!" "জলপাইগুড়িতে হলুদ সতর্কতা" "উত্তরবঙ্গে বৃষ্টির দাপট"

জলপাইগুড়ি: উত্তরবঙ্গে বর্ষার দাপট অব্যাহত। পাহাড় থেকে সমতল, সর্বত্রই চলছে দফায় দফায় বৃষ্টিপাত। রবিবারও জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টির জেরে জনজীবনে প্রভাব পড়েছে।

জলপাইগুড়ি সেচ দপ্তরের ফ্লাড কন্ট্রোল রুম সূত্রে জানা গিয়েছে, রবিবার সকাল ৬টায় গজলডোবা ব্যারেজ থেকে ১,৫২৫ কিউসেক এবং কালিঝরা ব্যারেজ থেকে ১,৫৪৪ কিউসেক জল ছাড়া হয়েছে। টানা বর্ষণের ফলে তিস্তা, জলঢাকা-সহ জেলার একাধিক নদীর জলস্তর ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।

পরিস্থিতির উপর নজর রেখে প্রশাসনের পক্ষ থেকে জলঢাকা নদীর উপর জাতীয় সড়ক ৩১ সংলগ্ন সংরক্ষিত ও অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি মেখলিগঞ্জ মহকুমার তিস্তা নদীর সংরক্ষিত এলাকাতেও হলুদ সতর্কতা বলবৎ রয়েছে।

নদী সংলগ্ন এলাকার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বাড়ছে। শনিবার থেকে শুরু হওয়া টানা বৃষ্টির জেরে জেলার বিভিন্ন এলাকায় জল জমে যাওয়ায় যান চলাচলে বিঘ্ন ঘটেছে। পাশাপাশি দৈনন্দিন কাজকর্মেও সমস্যার মুখে পড়েছেন সাধারণ মানুষ।

প্রশাসন সূত্রে জানানো হয়েছে, নদীগুলির জলস্তর এবং আবহাওয়া পরিস্থিতির উপর নিয়মিত নজরদারি চালানো হচ্ছে। নদী তীরবর্তী এলাকায় বসবাসকারী মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।