স্কুলছাত্রীর অ্যাকাউন্টে ‘ভুতুড়ে’ ৭৫৯ কোটি টাকা! জুতো কিনতে গিয়ে চক্ষু চড়কগাছ হলদিবাড়ির সপ্তম শ্রেণির ছাত্রীর

হলদিবাড়ি: স্কলারশিপের ৯০০ টাকা তুলতে গিয়ে ব্যাংক অ্যাকাউন্টে ৭৫৯ কোটিরও বেশি টাকা দেখে হতবাক হয়ে পড়ল এক স্কুলছাত্রী ও তার পরিবার। ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার হলদিবাড়ি এলাকায়।
জানা গিয়েছে, দক্ষিণবড় হলদিবাড়ির খালপাড়া এলাকার বাসিন্দা সুপর্না রায় হলদিবাড়ি উচ্চ বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। শনিবার ব্যাংক বন্ধ থাকায় স্কুলের কেডস জুতো কেনার জন্য নিজের স্কলারশিপের ৯০০ টাকা তুলতে একটি অনলাইন পরিষেবা কেন্দ্রে যায় সে।
সেখানে অ্যাকাউন্টের ব্যালেন্স পরীক্ষা করতে গিয়েই চোখ কপালে ওঠে সকলের। দেখা যায়, সুপর্নার সেন্ট্রাল ব্যাংকের অ্যাকাউন্টে জমা রয়েছে ৭৫৯ কোটি ৬৯ লক্ষ ৫১ হাজার ৯৫১ টাকা। এত বিপুল পরিমাণ অর্থ অ্যাকাউন্টে দেখানোয় মুহূর্তের মধ্যেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
সুপর্না বাড়ি ফিরে বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তাঁরাও বিস্মিত ও আতঙ্কিত হয়ে পড়েন। পরিবারের দাবি, এটি নিশ্চয়ই কোনও প্রযুক্তিগত বা ব্যাংকিং ত্রুটির ফল। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের প্রস্তুতি নিচ্ছেন তাঁরা।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। তবে কী কারণে অ্যাকাউন্টে এই বিপুল অঙ্কের টাকা দেখাচ্ছে, তা এখনও স্পষ্ট নয়। ব্যাংক কর্তৃপক্ষের বক্তব্যের অপেক্ষায় রয়েছেন পরিবারের সদস্যরা।