ইডি সূত্রে জানা গিয়েছে, তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অর্থ লেনদেন হয় কলকাতাভিত্তিক Carewell Aviation India Private Limited-এর অ্যাকাউন্টে। তদন্তকারীদের দাবি, সংস্থাটি ২০২১ সালের সেপ্টেম্বরে প্রতিষ্ঠিত হয়। উল্লেখযোগ্যভাবে, ওই বছরই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে টানা তৃতীয়বার ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। সম্প্রতি সংস্থার একাধিক দফতরে তল্লাশি চালায় ইডি।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, ২০২৩ সালের এপ্রিল থেকে ২০২৬ সালের জুনের মধ্যে কেয়ারওয়েল অ্যাভিয়েশন এবং তৃণমূল কংগ্রেসের বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে প্রায় ১৬০ কোটি টাকার আর্থিক লেনদেন হয়েছে। তদন্তে আরও উঠে এসেছে বলে দাবি, ওই সংস্থা একটি সদ্য গঠিত অন্য প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে প্রায় ৮২.৯৬ কোটি টাকা স্থানান্তর করেছিল।
ইডির অভিযোগ, তৃণমূলের অ্যাকাউন্ট থেকে প্রাপ্ত অর্থের একটি বড় অংশ ব্যবহার করে প্রায় ১১২ কোটি টাকা ব্যয়ে একটি Embraer Legacy 600 বিজনেস জেট এবং একটি Agusta 109 SP হেলিকপ্টার কেনা হয়।
Embraer Legacy 600 ব্রাজিলের Embraer সংস্থার তৈরি একটি বিলাসবহুল মাঝারি আকারের বিজনেস জেট। উন্নতমানের কেবিন সুবিধা এবং দীর্ঘ দূরত্বের আরামদায়ক যাত্রার জন্য এটি পরিচিত। অন্যদিকে Agusta 109 SP হল ইতালির Leonardo-র নির্মিত উচ্চগতির টুইন-ইঞ্জিন ভিআইপি হেলিকপ্টার। উল্লেখ্য, Leonardo সংস্থার পূর্ববর্তী নাম ছিল AgustaWestland।
তদন্তে আরও দাবি করা হয়েছে, ২০২৩ সালে কেম্যান দ্বীপপুঞ্জে নিবন্ধিত একটি সংস্থার কাছ থেকে প্রায় ১৬ কোটি টাকা সংগ্রহ করা হয়েছিল AgustaWestland হেলিকপ্টারটি কেনার উদ্দেশ্যে। গোটা আর্থিক লেনদেনের উৎস, উদ্দেশ্য এবং বৈধতা খতিয়ে দেখছে ইডি। তবে এই অভিযোগগুলির বিষয়ে তৃণমূল কংগ্রেসের তরফে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।